প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ২৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের জসিম ও সাইফুলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বন্দর বিভাগের বিশেষ অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের নোহা বক্সি মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবির স্পেশাল টিম। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন মো. জসিম উদ্দীন (৪৮), আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), মো. সাইফুল ইসলাম (৩২) এবং গাড়িচালক মোহামুদুল হক (৪৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
ডিবি সূত্র জানায়, শিকলবাহা কলেজ বাজারস্থ আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীতে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত