সোমবার, মার্চ ১৬, ২০২৬

চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী জাহাজ, রাতে আসছে আরও ৩০ হাজার টন

চিটাগং ট্রিবিউন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) বিকেলে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি বড়ো ট্যাংকার চট্টগ্রাম বন্দর জলসীমায় নোঙর করেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ‘এমভি জি ইউ ছি’ নামক এই তেলবাহী জাহাজটি সোমবার (৯ মার্চ) বিকেলে বন্দরে ভিড়েছে।

বিশ্ব রাজনীতিতে চলমান অস্থিরতার কারণে দেশে পরিবহন খাতের প্রধান জ্বালানি ডিজেল ও অকটেন নিয়ে যখন এক ধরনের সঙ্কটকাল চলছিলো, ঠিক সেই সময়েই এই বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে জাহাজটি বন্দরে পৌঁছাল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আমদানির ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকবে।

বন্দর ও জ্বালানি পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার রাতের মধ্যেই আরও একটি সুখবর আসতে যাচ্ছে। সিঙ্গাপুর থেকে প্রায় ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘এম ভি লিয়ান হুয়ান হু’ নামে আরেকটি বড়ো জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, সোমবার রাত ১১টা নাগাদ কুতুবদিয়া চ্যানেলের বহির্নোঙর এলাকায় জাহাজটি নোঙর করবে বলে আশা করা হচ্ছে।

একই দিনে বড়ো দুটি জাহাজে করে প্রায় ৫৭ হাজার মেট্রিক টন ডিজেল আসায় দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, জাহাজগুলো থেকে তেল খালাসের প্রক্রিয়া দ্রুত শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সর্বাধিক পঠিত