
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণের কথা ছিল সালাম এয়ারের আগমনী ফ্লাইট ওভি-৪০১। একই উড়োজাহাজ সকাল ৮টা ৩০ মিনিটে ওভি-৪০২ নামে চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করার কথা ছিল। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারফিল্ড ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
একই কারণে শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট বিজি-১৪৭ ঢাকা-চট্টগ্রাম-দুবাই এবং বিজি-১৫১ ঢাকা-চট্টগ্রাম-শারজাহ। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস এর ফ্লাইট বিএস-৩৩৩ ঢাকা-চট্টগ্রাম-দোহাও বাতিল করা হয়।
