প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ৬:০৪ পি.এম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজস্থলীতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান
রাজস্থলী ( রাঙ্গামাটি ) প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের উদ্যোগে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’।
বৃহস্পতিবার ( ২৫ জুন ) সকালে এ উপলক্ষে বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়ক সংলগ্ন এলাকায় উদ্বোধনী ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সামাজিক অঙ্গীকার। তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত