সোমবার, মে ১১, ২০২৬

‘জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এনসিপির এই মুখপাত্র বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে তারা বোঝাতে চাচ্ছে ১২ তারিখের পর চাঁদাবাজি করা যাবে।

এ সময় তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করে আনতে হবে।

এর আগে পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে রোববার সকাল সাড়ে ৯ টায় এই জনসভা শুরু হয়। এতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

শেষ সময়ের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। থাকবেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

এছাড়া ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন। এ সময় দাঁড়িপাল্লা ও শাপলা কলি মার্কায় ভোট চাইবেন জোটের নেতারা।

সর্বাধিক পঠিত