প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ
চিটাগং ট্রিবিউন ডেস্ক
আজ ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন প্রাঙ্গণের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব।
একাত্তরের অগ্নিঝরা মার্চের এই দিনে উত্তোলন করা হয়েছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্রখচিত পতাকা। সেদিন দুপুরে ও রাতে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল।
দিবসটি উপলক্ষ্যে দেয়া বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতীয় পতাকা শুধু কাপড়ের টুকরো নয় বরং জাতির পরিচয় নির্ধারণের প্রতীক এবং জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন
সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এই পতাকা দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি সন্তানের জানা অত্যন্ত জরুরি।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত