
চিটাগং ট্রিবিউন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এটা আমাদের রেডলাইন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তাকে প্রশ্ন করা হয়, বিএনপি থেকে একসময় দাবি করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। এখন আপনিই বিএনপির আবার মন্ত্রী হলেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হেসে বলেন, আমি তো জোর করে যাইনি। আর সঙ্গে পরিস্থিতিও বদলায়।
অনেকেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন অভিযোগ তুলেছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের কথা বলছেন, তারা চাইলে আবার ভোট গণনা করুক। গুনতে তো কোনো মুশকিল নেই।
প্রসঙ্গত, মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শামা ওবায়েদ।
