মিছিল–পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘পুরান ঢাকার ঘটনায় যে ভিডিও করেছে, সে কেন এটি নিবৃত্ত করতে গেল না। তাকে কেন আঘাত করা হলো না। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি বিএনপির বিরুদ্ধে সাজানো–গোছানো চক্রান্ত ছাড়া কিছু নয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দিকে আঙুল তুলছে জামায়াতে ইসলামী। এ দেশ কি ভুলে গেছে, হানাদার বাহিনীকে আপনারা মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন। বিএনপির দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন।’
এনসিপির উদ্দেশে হাবিবুন নবী খান সোহেল বলেন, ‘দেশের স্বার্থে, ঐক্যের স্বার্থে অনেক কিছু সহ্য করছি। কিন্তু আমরাও মানুষ। ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাহলে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের।’
ইসলামী আন্দোলনের উদ্দেশে হাবিবুন নবী খান বলেন, ‘হুজুরের নামে কিছু বললে তাঁর মুরিদেরা আবার মনে কষ্ট পায়। হুজুরকে শুধু এটুকু বলব, ‘কলা খাইবা, গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন টিপটিপাইয়া চাও।’
কেউ যাতে দলের মধ্যে ঢুকে অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও দলটির মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।