মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ দেলওয়ার হোসাইন মনোনয়নপত্র প্রত্যাহার করায় নিশ্চুপ দলীয় নেতাকর্মী। বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা ফুরফুরে মেজাজে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারে পিছিয়ে নেই বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান আতা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মুহাম্মদ সাইদ নুর ও জাসদের প্রার্থী শাজাহান আলী সাজুও ভোটারদের আলোচনায়। তবে দিন দিন ধানের শীষে ভোটের পাল্লা ভারী হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা প্রতিদিনই ধানের শীষের গণসংযোগ করছেন। বিশেষ করে তিনি নারী ভোটারদের কাছে টানছেন। সাটুরিয়া উপজেলার দেড় লাখের বেশি ভোটারের মধ্যে অর্ধেক নারী। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন, কুশল বিনিময় করছেন। আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের নিয়ে কোন ওয়ার্ডে কী সমস্যা রয়েছে, সেসব সমাধানের আশ্বাস দিচ্ছেন।
স্থানীয় ভোটাররা জানিয়েছেন, জামায়াতের প্রার্থী মুহাম্মদ দেলওয়ার হোসাইন দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করায় জামায়াতের নেতাকর্মীরা নিশ্চুপ হয়ে পড়েছেন। ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীর পক্ষে প্রচার চালাতে নির্বাচনী মাঠে তাদের তেমন একটা দেখা যাচ্ছে না। তবে জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার দলীয় নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। তাদের নীরবতায় মাঠ দখল করে নিয়েছেন বিএনপিসহ অন্য প্রার্থীরা। বিএনপি থেকে বহিষ্কৃত আতাউর রহমান আতাও আওয়ামী লীগ ও জামায়াতের ভোট টানতে আপ্রাণ চেষ্টা করছেন।
তবে সাধারণ ভোটারদের ভাষ্য, ধানের শীষের পক্ষে প্রতিটি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্প করে নেতাকর্মীরা পাড়া-মহল্লায় গিয়ে ভোট চাচ্ছেন। অন্য প্রার্থীদের ক্ষেত্রে ইউনিয়নগুলোতে নির্বাচনী ক্যাম্প না থাকায় এবং তেমন নেতাকর্মী না থাকায় ভোটের মাঠে তাদের কম দেখা যাচ্ছে। সাটুরিয়া উপজেলায় প্রচারে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।
বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, ধানের শীষের প্রচারকালে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী মুহাম্মদ
সাইদ নুরের ভাষ্য, গণসংযোগ ও প্রচারকালে ভোটারদের সাড়া পাচ্ছেন। জামায়াতের নেতাকর্মীরাও সর্বাত্মক সহযোগিতা করছেন। তিনিও জয়ের আশা করছেন