প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
টেকনাফের কারাঙ্গ্যাঘোনা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ মাদক কারবারি আটক
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারে টেকনাফের ক্যারেঙ্গাঘোনা সীমান্তে পাচারকালে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক লুৎফর রহমান (২১) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা এলাকার নুর আহমেদের ছেলে।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের ক্যারেঙ্গাঘোনা সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক কয়েকজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে পাওয়া যায় বিদেশি ১ টি পিস্তল ও ৫ টি গুলি। এসময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। “
ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত