প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
টেকনাফে অপহরণে ব্যর্থ হয়ে যুবককে গুলি
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কক্সবাজারের টেকনাফ সদর উপকূলীয় এলাকায় শহীদ উল্লাহ (১৯) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি একই এলাকার সোনা মিয়ার ছেলে। গুলি তার পিঠের ডান পাশে লেগেছে।
শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়ার শেষ প্রান্ত ও বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহীদ উল্লাহর ভাই শওকত জানান, দোকান থেকে বাড়ি ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার সৈয়দ আমিন তাকে অপহরণের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তার পিঠে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সৈয়দ আমিন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং একজন রোহিঙ্গা নাগরিক।
টেকনাফ সদর ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নোয়াখালীপাড়া ব্রিজে বসে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পেছন দিক থেকে শহীদ উল্লাহকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে শহীদ উল্লাহকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত