
কেফায়েত উল্লাহ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফকে পর্যটনবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলা এবং বন্ধ থাকা বন্দর করিডোর পুনরায় সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার ঈদগাহ ময়দানে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনোয়ারী বলেন,দেশের মানুষ যখন পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে বন্দর, করিডোর, ট্রাকের চাঁদা, টেম্পো স্ট্যান্ড, বালু ও গাছের ভাগবাঁটোয়ারার খবর পাওয়া যাচ্ছে। দেশে বর্তমানে বেইনসাফি ও দুর্নীতির রাজনীতি চলছে। আমরা দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চাই।
তিনি আরও যোগ করেন,টেকনাফের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। একটি বিশেষ গোষ্ঠী সাধারণ মানুষের ভাগ্যকে টুকরো টুকরো করার অপচেষ্টা চালাচ্ছে, যা কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন,উখিয়া-টেকনাফকে নতুনভাবে সাজানোর অঙ্গীকার করে তিনি বলেন,নির্বাচিত হলে অবিলম্বে টেকনাফ বন্দর পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হবে। কোনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দর ইজারা দেওয়া হবে না। বরং একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বন্দর উপহার দেওয়া হবে। বৈধভাবে সবার ব্যবসা করার সমান সুযোগ নিশ্চিত করা হবে। দখলদারি, চাঁদাবাজি ও মামলাবাজির সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে।
নেতৃবৃন্দের বক্তব্য
টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি ও সাবেক জেলা শিবির সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী,টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকউল্লাহ,উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ।
এছাড়া আর উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল,সদর জামায়াতের সভাপতি নাছির উদ্দীন,সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী শহীদুল ইসলাম ও আবু ছিদ্দিক আবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ আনোয়ারীকে জয়যুক্ত করার আহ্বান জানান।
