প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
টেকনাফে মালয়েশিয়া পাচারকালে ৫০ জন ভুক্তভোগী উদ্ধার ও ৯ পাচারকারি আটক
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়াগামী ট্রলার থেকে রোহিঙ্গাসহ ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত নয়জন মানবপাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
আটক ৯ পাচারকারি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন বাংলাদেশি নাগরিক কক্সবাজার সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে ট্রলার যোগে বেশ কিছু সংখ্যক লোকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার খবর পায় কোস্ট গার্ড। এতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের সমুদ্র উপকূলের সব পয়েন্ট নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়।
“ পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বহন করা ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত ৯ পাচারকারিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, “ সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারিরা উদ্ধার ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। “
আটক পাচারকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে, কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত