প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
দীঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সুপারি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের মধ্যে সেগুন, গর্জন, গামারি, করই, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির ১৩৮ টুকরা গোলকাঠ রয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত