
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পার্বত্য ও দুর্গম এলাকায় নির্বাচনের বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা করবে বাংলাদেশ বিমান বাহিনী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিএএফ ঘাঁটি বাশার, ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিমানবাহিনী সদস্যদের ব্রিফিং-এ এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ ক্ষমতা দিয়ে নির্বাচন নিরবচ্ছিন্ন, অংশগ্রহণমুলক করতে প্রস্তুত। পার্বত্য ও দুর্গম এলাকা যেমন (ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার) অঞ্চলে নির্বাচনের বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে বিমানবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেভাবেই তারা কাজ করবে। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’
১১ থেকে ১৩ ফেব্রুয়ারি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘বডিক্যাম ব্যবহার করা হবে এবং ড্রোন দিয়ে মনিটরিং করা হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।’
