দেশজুড়ে টানা বৃষ্টির মধ্যে নতুন করে ঘূর্ণিঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, যার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রে, দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে।