প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত
সংবাদ বিজ্ঞপ্তিঃ
সুরের মূর্ছনা, নৃত্যের ছন্দ ও তালে বিদ্রোহী কবি, সাম্যের কবি ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করেছে কক্সবাজারের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সৃজন সঙ্গীত ভূবন। বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, আলোচনা সভা ও পরিবেশনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় জাতীয় কবির জন্মজয়ন্তী।
অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে নজরুলসংগীত পরিবেশনার মাধ্যমে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দ্বৈত কণ্ঠে নজরুলসংগীত, একক নৃত্য পরিবেশনা এবং সুর-তাল-লয়ের মনোমুগ্ধকর উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
শিল্পীদের পরিবেশনায় উঠে আসে নজরুলের প্রেম, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বহুমাত্রিক প্রকাশ। সৃজন সঙ্গীত ভূবনের সভাপতি প্রিয়া দত্ত–এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠক মনির মোবারক–এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবমুক্তি, সাম্য, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার চিরন্তন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে প্রেরণা জোগায় এবং অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে।
আলোচনা সভায় নজরুলের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন সংস্কৃতিজন বিভাস সেনগুপ্ত, ইফতেখার উদ্দিন কুতুবী, কক্সবাজার সঙ্গীত শিল্পী পরিষদের সভাপতি বশিরুল ইসলাম, নাট্য সংগঠক সত্যপ্রিয় চৌধুরী দোলন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক এম জসীম উদ্দীন এবং সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক ফরমান রেজা প্রমুখ।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে নজরুলচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করা প্রয়োজন। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশনা, আলোচনা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি এক পর্যায়ে মিলনমেলায় পরিণত হয় এবং জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত