প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৮:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
নাজিরারটেক সংলগ্ন সাগরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে নাজিরারটেক সংলগ্ন সাগরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের সাড়ে পাঁচ ঘন্টা পর এক কিশোরের মৃতদেহ উদ্ধার হয়েছে।
শনিবার রাত পৌণে ৯ টার দিকে কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট সংলগ্ন সাগর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, কক্সবাজার সদর থানার পরিদর্শক ( তদন্ত ) হিমেল রায়।
মৃত উদ্ধার রিয়াদ মনি (১৪) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার এলাকার ওয়াজউদ্দিন বহদ্দারের ছেলে। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচীর আওতায় সে উপকূলীয় শিক্ষা নিকেতন নামের একটি শিক্ষাকেন্দ্রের ৭ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের বরাতে হিমেল রায় বলেন, শনিবার বিকালে রিয়াদ মনি সহ পাঁচ বন্ধু মিলে নাজিরারটেক পয়েন্ট সাগরে গোসলে নামে। এক পর্যায়ে রিয়াদ মনি ঢেউয়ের তোড়ে ভেসে যায়। বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রিয়াদের পরিবারকে তারা ঘটনাটি অবহিত করে।
“ স্বজনরা নাজিরারটেক সংলগ্ন সৈকতের আশপাশে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। রাত পৌণে ৯ টার দিকে এক পর্যায়ে নিখোঁজ হওয়ার ঘটনাস্থলেই জোয়ারের পানির সাথে রিয়াদ মনির মৃতদেহ ভেসে আসে। এসময় দেখতে পেয়ে স্বজনরা মৃতদেহটি উদ্ধার করেছে। “
ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, পরিদর্শক ( তদন্ত ) হিমেল রায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত