প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ১১:১৭ এ.এম
নামাজমুখী যুবসমাজ গড়তে আলোর দিশা ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
ঈদগাঁও প্রতিনিধিঃ
যুব সমাজকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ঈদগাঁও আলোর দিশা ফাউন্ডেশন’। সংগঠনের পক্ষ থেকে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী যুবকদের পুরস্কৃত করা হয়েছে।
সম্প্রতি ঈদগাঁওর কালিরছড়া শিয়াপাড়া জামে মসজিদে এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদে টানা ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন, এমন যুবকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয় সংগঠনটি।
পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল, পাঞ্জাবি, ফুটবল, ক্রিকেট ব্যাট, স্কুল ব্যাগ ও মিসওয়াক। উপহার পেয়ে উচ্ছ্বসিত যুবকরা জানান, এই উদ্যোগ তাদের নামাজের প্রতি আরও মনোযোগী ও অনুপ্রাণিত করেছে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে দূরে সরিয়ে মসজিদমুখী ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের মতে, নিয়মিত জামাতে নামাজ পড়ার এই অভ্যাস যুবকদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে সহায়তা করবে।
এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে এ ধরনের সৃজনশীল কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। ভবিষ্যতেও ঈদগাঁও আলোর দিশা ফাউন্ডেশন জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত