প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
নামের মিল থাকায় মামলায় ফেঁসে গেলো নিরীহ পান চাষী সাদ্দাম
সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফে আলোচিত মানবপাচার সংক্রান্ত ঘটনার জেরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম নিজেকে আড়াল করতে নামের মিল থাকার সুযোগে হারিয়াখালীর এক নিরীহ পান চাষী সাদ্দামকে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করছেন।
ভুক্তভোগী পান চাষী সাদ্দাম জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পান চাষের সঙ্গে জড়িত এবং একজন সাধারণ কৃষক হিসেবে জীবনযাপন করে আসছেন। মানবপাচারসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই ঘটনার সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “আমি একজন সাধারণ মানুষ। আমার জীবিকা পান চাষের ওপর নির্ভরশীল। হঠাৎ করে আমার নাম এই ধরনের গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত হওয়ায় আমি ভীষণভাবে আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
তিনি আরও জানান, এ ধরনের অভিযোগ তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে এবং পরিবার নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হয়। একইসঙ্গে প্রকৃত মানবপাচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
এদিকে নামের মিলকে কেন্দ্র করে নির্দোষ কাউকে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নির্দোষ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত