নিখোঁজ তরুণীর সন্ধানে ৫ দিন পর থানায় জিডি পরিবারের

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির চন্দ্রঘোনা উপজেলার রাইখালী ইউনিয়নের এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১ জুন (সোমবার) নিজ বাড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তরুণী সুইনচিং মারমা (২১) রাইখালী ইউনিয়নের কালামাইশ্য মুখ এলাকার বাসিন্দা এবং আদমং মারমা ও সুইমাচিং মারমার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, সুইনচিং মারমা গত ১ জুন সকালে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘ অনুসন্ধানের পরও কোনো তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টায় চন্দ্রঘোনা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ জানান, নিখোঁজ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং তরুণীর সন্ধান পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।