
মোঃ আইয়ুব চৌধুরী
রাজস্থলী, রাঙ্গামাটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সকল ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল পাঠানোর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হয়।
সরঞ্জাম হস্তান্তরের আগে উপজেলা পরিষদ চত্বরে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন সেনাবাহিনীর ৩৮ বীর কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান জিয়া এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার।
ব্রিফিংকালে মেজর জিয়াউর রহমান জিয়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে বলেন, উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বদা পাশে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এসময় নির্বাচনী কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা। পাশাপাশি পুলিশ, আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সকল নির্বাচনী সরঞ্জাম সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুরো উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
