বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলে আছেন নেইমার। তাকে নিয়ে এবার আলোচনা মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে সংসদ ভবন পর্যন্ত। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তার আগেই নেইমারকে দলে রাখার দাবি তুললেন ব্রাজিলের এক সংসদ সদস্য।
ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। তিন পাতার সেই চিঠিতে তার দাবি—বিশ্বকাপে সান্তোস তারকা নেইমারকে দলে রাখা হোক। নিজের সোশ্যাল মিডিয়ায় এই চিঠির কথা জানিয়ে লোপেস লিখেছেন, নেইমার শুধু একজন খেলোয়াড় নন; তিনি সৃজনশীলতা আর লাখো ভক্তের আশার প্রতীক। লোপেস অবশ্য চিঠিতে বিনয়ের সঙ্গেই জানিয়েছেন, দলের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা তার উদ্দেশ্য নয়। কিন্তু তিনি মনে করেন, নেইমারকে দলে চাওয়াটা কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রাণের দাবি। নেইমার বর্তমানে খেলছেন তার শৈশবের ক্লাব সান্তোসে।
কিন্তু ২০১৩ সালের সেই চনমনে নেইমার আর ২০২৬-এর নেইমারের মধ্যে বিস্তর ফারাক। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি। নেইমার অবশ্য বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার পথে এক ধাপ এগিয়েছেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের ৫৫ জনের প্রাথমিক দলে কোচ কার্লো আনচেলত্তি তাকে অন্তর্ভুক্ত করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সান্তোসের জার্সিতে সর্বশেষ দুই ম্যাচে গোলও পেয়েছেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার। গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ‘ব্রাজিল ২৪৭’ ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নেইমারের জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে আনচেলত্তির সঙ্গে তার কথা হয়েছে।