প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
পটিয়ায় ‘মুজাফরাবাদ গণহত্যা দিবস’ পালিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুজাফরাবাদ গণহত্যা দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৩ মে) দুপুরে পটিয়া উপজেলার খরনা মুজাফফরাবাদ শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন, সমন্বয় কমিটি এবং বধ্যভূমি সংরক্ষণ পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা অতীতেও হয়েছে, এখনও চলছে।
তিনি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। দেশের মানুষ জানে জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার অতীব গুরুত্বপূর্ণ।
এনামুল হক এনাম আরও বলেন, বর্তমানে কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি তুলে নিজেদের ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে পরিচয় দিচ্ছেন, যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তিনি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা এবং গণহত্যায় শহীদদের নির্ভুল তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, অধ্যাপক বনগোপাল চৌধুরী ও তাপস কুমার দে।
মুজাফরাবাদ গণহত্যা দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সভাপতি বিপ্লব সেন, সেক্রেটারি কাজল কর, মানিক চন্দ্র কর, অজিত চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ জসিম, সাবেক মেম্বার আবদুল কর, ডা. বি. কে. দত্ত, অজিত দত্ত পুলক, প্রদীপ কর, নিউটন বিশ্বাস, নয়ন দাশ বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পটিয়ার খরনা মুজাফফরাবাদ গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে তিন শতাধিক নিরীহ নারী-পুরুষকে হত্যা করে। সেই নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে প্রতিবছর দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত