আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানোর পর পরই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জরুরি ভার্চুয়াল বোর্ড মিটিং ডেকেছে বলে জানা গেছে।
সূত্রমতে, আইসিসি এমন একটি কঠোর সভার প্রস্তুতি নিচ্ছে যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড থেকে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আজীবনের জন্য নিষিদ্ধ করার মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনো পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি, তবে শীঘ্রই এ সংক্রান্ত ই-মেইল পাঠানো হবে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়েছে, তারা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে দল মাঠে নামবে না। এর প্রতিক্রিয়ায় আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, নিজেদের ইচ্ছা মতো বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে। সংস্থাটি পিসিবিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে, এমনটি ঘটলে পাকিস্তানকে বড় অঙ্কের আর্থিক জরিমানা, ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে নিষেধাজ্ঞা এবং পিএসএলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে। উল্লেখ্য, কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি 'এ' গ্রুপের এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সূত্র: জিও নিউজ