প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় মেধাবী শিক্ষার্থী তৈরিতে বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীমঃ এম এ মালেক
পেকুয়া প্রতিনিধিঃ
প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিযোগীতার মনোভাব তৈরিতে বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। ‘আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’ মেধাবী জাতি গড়ে তুলতে মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করে বিশেষ অবদান রাখছে।
মঙ্গলবার (১২ মে ) পেকুয়া উপজেলার রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে আলহাজ্ব মোহাম্মদ কবির চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন অতিথিরা।
ফৈজুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি এ.জে.এম গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত লায়ন প্রাক্তন গভর্নর ও দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সহ সভাপতি এ.টি.এম শামশুদ্দীন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এ.জে.এম গিয়াসুদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলম চৌধুরী, রাজাখালী বি.ইউ.আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন, ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, প্রবীণ শিক্ষক রুহুল আমিন।
এসময় অতিথিরা বৃত্তি পরীক্ষায় কৃতকার্য হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি প্রদান করায় তারা ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে উঠার আগ্রহ পায়। তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে শিক্ষামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে বৃত্তি পরীক্ষার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত