
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে সরকার। গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিককে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে আনা হয়েছে। মানামা থেকে গালফ এয়ারলাইন্সের ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় এসে পৌঁছায় সাড়ে সাতটায়।
ইরান থেকেও ১৮৬ জন বাংলাদেশি শুক্রবার দিবাগত মধ্যরাত দেড়টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন।
তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, চলমান এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিদেশে অবস্থানরত বাকি বাংলাদেশিরাও যদি আবেদন করেন, তাহলে পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।