
সাইদুল ফরহাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সিল মারা ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অনেকে। বিধিনিষেধের তোয়াক্কা না করে পছন্দের প্রার্থীদের খুশি করতে সিল মারা ব্যালটের ছবি ফেসবুকে পোস্ট করার কথা স্বীকার করেছেন কেউ কেউ। তবে ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে এ নিয়ে মিশ্র-প্রতিক্রিয়া শুরু হয়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে কক্সবাজারসহ সারাদেশে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহনের পর থেকে বেশির ভাগ তরুণ ভোটারা ছবি আপলোড করতে থাকেন। তবে কেন্দ্র মোবাইল প্রবেশ নিষেধ থাকলেও সেটি বাস্তবায়ন করতে দেখা যায়নি।
এদিকে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সকালবেলায় পুরুষ ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হালকা শীত উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষা করতে দেখা যায়।
উখিয়ায় নিজ কেন্দ্রে ভোট দিয়ে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, এখন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ পরিবেশ বজায় থাকলে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
অন্যদিকে জামায়াতের প্রার্থী নূর আহমদ আনোয়ারী সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় হবে বলে আমি আশাবাদী।
