প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলেঃ পিআইবির মহাপরিচালক
বান্দরবান প্রতিনিধিঃ
ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে মন্তব্য করে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, “গত ১৭ বছর অনেকেই শিকারি মনমানসিকতা নিয়ে সাংবাদিকতা করেছেন, যেখানে নির্দিষ্ট কাউকে টার্গেট করে বিপদে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। এ ধরনের সাংবাদিকতা কাম্য নয়।”
তিনি আরও বলেন, “আমরা আপনাদের কারিগরি প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু সাংবাদিকতার নৈতিকতার জায়গাটি আপনাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে।”
বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক এসব কথা বলেন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবান জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি আগামী ১৪ মে সম্পন্ন হবে।
এতে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করছেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাফাত রহমান এবং সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস. এম. হাসান, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের সাংবাদিকরা আধুনিক মাল্টিমিডিয়া সাংবাদিকতায় আরও দক্ষ হয়ে উঠবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ভূমিকা রাখবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত