দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আকাশে ঘন কালো মেঘ জমা বা বজ্রধ্বনি শোনা মাত্রই ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সচেতনতার বার্তা হিসেবে বলা হয়েছে, “বজ্রধ্বনি শুনলেই ঘরে আশ্রয় নিন।”
অধিদপ্তর জানায়, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এ সময় খোলা মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো বা দলবদ্ধভাবে বাইরে থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বাড়ির ভেতরে অবস্থানকালে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। জানালার গ্রিল বা অন্য কোনো ধাতব অংশ স্পর্শ না করা এবং শিলা কুড়াতে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে বাইরে অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। মাটিতে শুয়ে পড়া, গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক। এছাড়া নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু ও সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।