বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি : ওসমান গনি
বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি (২য় পর্ব)
বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি (২য় পর্ব) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০০০ ঘটিকায় বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্য এলাকার বিভিন্ন পাড়ার মোট ৩৯টি চার্চ/গির্জা কমিটি, পাড়াবাসী এবং ৩০০-এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান, নির্মাণ ও সংস্কারের জন্য সামিয়ানা, টিন, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন কমান্ডার আগত সুবিধাভোগীদের হাতে বড়দিনের শুভেচ্ছা উপহার তুলে দেন। তিনি বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা—এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাবে।
বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।