শনিবার, মার্চ ২১, ২০২৬

বান্দরবানের মেঘলা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান :

বান্দরবান পৌরসভার মেঘলা পর্যটন কেন্দ্র সংলগ্ন কানাপাড়া থেকে রহস্যজনক মৃত্যুর শিকার মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত না হওয়ায় ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহষ্পতিবার (১৯ মার্চ) দুপুরে বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহত রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪) মেঘলা কানাপাড়া এলাকার বাসীন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্বজনরা সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে মেঘলা পর্যটন কেন্দ্র সংলগ্ন লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উচু এক পাহাড়ের খাদের নিচে মা ও মেয়েকে মৃত পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ দুইটি উদ্ধার করেছে। দুপুরে দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে স্থানীয়রা ঘটনাটি পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করলেও প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য দাবি জানিয়েছেন।

ঘটনার ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত নিশ্চিত করে জানানো সম্ভব হবে।
তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত