প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
বান্দরবানে আগুনে পুড়ল ৪৮ দোকান ও বসতঘর
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের সদর উপজেলা জামছড়ি সংলগ্ন বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ৪৮ টি দোকান ও বসত ঘর ভস্মিভূত হয়েছে।
রোববার (১৭ মে) ভোর রাত পৌনে চারটার দিকে জেলার রোয়াংছড়ি ও সদর উপজেলার সীমান্তবর্তী জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোররাতে বাঘমারা বাজারের মাঝের সারির একটি দোকানে আকস্মিক আগুন লেগে যায়। এসময় বাতাসে আগুন দ্রুত বাজারের পশ্চিম পাশের দোকানপাট ও বসতঘরে ছড়িয়ে পড়ে।
বাজার এলাকার বাসিন্দা ও জামছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য খুশি কুমার তঞ্চঙ্গ্যা বলেন, বাজারের ছোট ছোট দোকানে রাতে কেউ থাকেন না। এ কারণে আগুন লাগার পরও শুরুতে কেউ জানতে পারেননি। পরে আগুনের খবর ছড়িয়ে পড়লে দোকানিরা ছুটে আসেন। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪৮টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।
ঘটনার ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, একটি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত