প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৬:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:০৩ পি.এম
বান্দরবানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
বান্দরবান ( সদর ) প্রতিনিধিঃ
বান্দরবানে "নিজে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ-সুন্দর রাখতে হলে মাদককে না বলতে হবে" সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক কর্মি, লেখক, মানবাধিকার কর্মি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুন্দর দেশ ও সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের করাল গ্রাসে পরিবার ভেঙে যাচ্ছে এবং সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই যুবসমাজ তথা তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে নিজেকে পরিবর্তনের পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা দেশের বর্তমান মাদক পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, বর্তমানে দেশে মাদক-সংক্রান্ত মামলার সংখ্যাই প্রায় ৮২ হাজার। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা পালন করার তাগিদ দেওয়া হয়।
কর্মসূচির শেষভাগে উপস্থিত সকলে মাদকের বিরুদ্ধে সমাজ গঠনে একযোগে কাজ করার শপথ বাক্য পাঠ করেন।
প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলার সভাপতি অংচ মং মারমা, নারী নেত্রী উসিংম্যা মারমা ও কৃপা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী মেহেদি হাসান, হিল রাইটার্স ইউনিয়নের সভাপতি মংক্য শোয়েনু নেভী, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কোকাচরন বাহাদুর প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত