প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
বিধানসভা নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে থালাপতি বিজয়?
চিটাগং ট্রিবিউন ডেস্ক
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। তার আগেই প্রকাশিত এক্সিট পোল ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
বেশিরভাগ এক্সিট পোল যেখানে ‘দ্রাবিড় মুনেত্র কাজাগাম’ (ডিএমকে) জোটের ফেরার ইঙ্গিত দিচ্ছে, সেখানে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় ভিন্ন চিত্র উঠে এসেছে। ওই সমীক্ষা অনুযায়ী, অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) এই নির্বাচনে বড় চমক দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক্সিট পোল বলছে, মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে এবং ‘অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম’ (এআইএডিএমকে) জোটের মধ্যে। তবে চমক দেখাচ্ছে বিজয়ের দল। এই দলটি পেতে পারে ৯৮ থেকে ১২০টি আসন—এমনই পূর্বাভাস দেয়া হয়েছে। যদি এই ফল বাস্তবে মিলে যায়, তাহলে থালাপতি বিজয়ের দল সরকার গঠনেও বড় ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে একাধিক এক্সিট পোলেই ডিএমকে জোটকে এগিয়ে রাখা হয়েছে। এক্সিস মাই ইন্ডিয়া অনুযায়ী ডিএমকে জোট পেতে পারে ৯২ থেকে ১১০টি আসন এবং ভোট শেয়ার ৩৫ শতাংশ।
এদিকে এআইএডিএমকে জোটের জন্য পূর্বাভাস ২২ থেকে ৩২টি আসন এবং ভোট শেয়ার ২৩ শতাংশ।
বিজয়ের দল টিভিকে এবার একাই সব আসনে প্রার্থী দিয়েছে এবং জোরালো প্রচারণা চালিয়েছে। নির্বাচনী ইশতেহারে দলটি একাধিক বড় প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো বিয়ের সময় নারীদের ৮ গ্রাম স্বর্ণ দেয়ার ঘোষণা।
অন্যদিকে ‘পোল অফ পোলস’ বিশ্লেষণে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত ডিএমকে কিছুটা এগিয়ে থাকতে পারে।
সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয়ের টিভিকে কি সত্যিই বড় চমক দিতে যাচ্ছে—এ নিয়ে এখন জোর আলোচনা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত