সোমবার, মার্চ ১৬, ২০২৬

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প

এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি।
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির পয়েন্ট স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সম্প্রতি অপারেশন উত্তরণের আওতায় নিয়মিত অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যরা এলাকাবাসীর তীব্র পানির সংকটের বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা এতদিন দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে প্রায় ৩০০ থেকে ৫০০ ফুট নিচের ঝিরি থেকে পানি আনতে বাধ্য হতেন, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় গত (১১ মার্চ- ২০২৬) তারিখে দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপনের লক্ষ্যে টিউবওয়েল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে প্রায় ১২টি পরিবারের ৫৪ জন মানুষ নিজ নিজ বসতবাড়ির কাছেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী।

সর্বাধিক পঠিত