প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৮:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
বেগম জিয়ার জানাজাই প্রমাণ করে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন : সালাহউদ্দিন আহমদ
চকরিয়া প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাজাই প্রমাণ করেছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি আজীবন পেয়েছেন। বিশ্বের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বড় জানাজাগুলোর একটি তার নসিব হয়েছে, যা প্রমাণ করে এদেশের মানুষ তার ওপর কতটা আস্থা ও ভরসা রাখতেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেগম খালেদা জিয়া তার পুরো জীবন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। গণতন্ত্রের জন্য সংগ্রামে তিনি তার স্বামী ও সন্তানকে হারিয়েছেন, সবকিছু হারিয়েও পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং ভোটাধিকার আদায় করে দিয়েছেন। গণতন্ত্রপ্রিয় মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন তার ত্যাগ ও অবদান স্মরণ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত