প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৬, ৩:২৬ পি.এম
বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হলেও দুবাই পুলিশ এখনো বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফেরত আনার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নথি ইতোমধ্যে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত দুবাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর পাওয়া যায়নি।
এদিকে হাদি হত্যায় অভিযুক্ত আসামি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, হাদি হত্যা মামলায় জড়িত আসামিকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জোর তৎপরতা চালানো হচ্ছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরকে দেশে ফেরিয়ে আনতে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা জানায়নি।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিদেশে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক তৎপরতা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সম্প্রতি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অত্যন্ত কঠোর ও সজাগ অবস্থানের কারণে ভারত সীমান্তে এখনো বড় ধরনের কোনো পুশ ইন বা অনুপ্রবেশের ঘটনা ঘটানো সম্ভব হয়নি।’
সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে, এটা কোনো যথাযথ বা আইনি প্রক্রিয়া নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভারতে যদি কোনো অবৈধ বাংলাদেশি নাগরিক অবস্থান করে থাকে, তবে সেই তালিকা যেন ভারত সরকার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে জানায়।
তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলে ভারত যদি কোনো বাংলাদেশির তালিকা দেয়, তবে বাংলাদেশ সরকার তাদের জাতীয়তা পুরোপুরি যাচাই-বাছাই করে দেখবে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত