মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বোয়ালখালীতে চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু

বোয়ালখালী ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যু হয়েছে। কারখানার লোকজন তাঁকে বেঁধে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রোববার(২৪ মে) দুপুরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করেন আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবক। এ সময় কারখানার লোকজন তাঁকে আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে এক অজ্ঞাত যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতাল চত্বর থেকে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. মোশাররফসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, চোর সন্দেহে আটক এক যুবককে মারধরের ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সর্বাধিক পঠিত