ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবেশীদের হামলায় নারীসহ একই পরিবারের ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া চামেলীবাগ এলাকায় প্রতিবেশীদের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম পাইকপাড়া এলাকার ১৩৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ইয়াসমীন রহমান (৪৮), তার স্বামী আতিকুর রহমান দুলাল (৫২), মেয়ে রুনিয়া তানজুম পাপলু (২৬) ও ফারিসতা তাজরিয়ান তুশি (১৪)।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে বাড়ির নির্মাণকাজকে কেন্দ্র করে প্রতিবেশী ইকরাম হোসেন ফোরকান (৩৫), ইমরানুল হাসান ইমরান (৩৮) ও জয়নাল আবেদীনের (৬৫) সঙ্গে তাদের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ইয়াসমীন রহমান বাড়ির গেটের দেয়ালে পানি দেওয়ার সময় অভিযুক্তরা সেখানে এসে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে।
এ সময় তার স্বামী আতিকুর রহমান দুলাল প্রতিবাদ করলে অভিযুক্তরা ধারালো দা, স্টিলের পাইপ, কাঠের স্ট্যাম্প ও লাঠি নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাদের বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। এতে স্টিলের পাইপ দিয়ে আঘাত করে আতিকুর রহমান দুলালের বাম হাতের বাহু ও কনুইয়ের হাড় ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্বামীকে রক্ষা করতে গেলে ইয়াসমীন রহমানকেও মারধর করা হয়। এ সময় তার মাথার চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। পরে অভিযুক্তদের একজন ধারালো দা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া স্টিলের পাইপ দিয়ে তার বাম পায়ে আঘাত করলে পায়ের হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে তাদের দুই মেয়ে বাসা থেকে বের হয়ে এলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায়। এতে রুনিয়া তানজুম পাপলুর ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর জখম হয় এবং ফারিসতা তাজরিয়ান তুশির পিঠ ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা চিকিৎসা নেন।
এ ঘটনায় আহত ইয়াসমীন রহমান বাদী হয়ে গত ৮ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৪৪৮, ৩০৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।