ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের আঁচে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ধরে যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরে তাদের অন্য কোচে স্থানান্তর করে কোটা পর্যন্ত যাত্রার ব্যবস্থা করা হয়।
রাজধানী এক্সপ্রেসটি সকাল ১১টার দিকে কোটা স্টেশনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে অতিরিক্ত একটি কোচ যুক্ত করে ট্রেনটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে।
১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে ছেড়ে আসে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং দিল্লি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ছিল।
এর একদিন আগেই, শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটি ছাড়ার জন্য প্ল্যাটফর্মে আনার সময় হায়দরাবাদ রেলস্টেশনে আগুনটি ধরা পড়ে।
সে সময় কোচে কোনও যাত্রী ছিলেন না এবং কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। দক্ষিণ মধ্য রেলওয়ে জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কোচগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।