সোমবার, মে ১১, ২০২৬

ভারতে শেখ হাসিনার সঙ্গে ঈদ কাটালেন জয়: ভারতীয় গণমাধ্যম

চিটাগং ট্রিবিউন ডেস্ক

ভারতের কর্মকর্তারা এখনো জয়ের এই সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয় ঈদুল আজহা উপলক্ষে মায়ের সঙ্গে সময় কাটাতে ভারতে এসেছেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি নয়াদিল্লির একটি সুরক্ষিত বাড়িতে অবস্থান করছেন।

মায়ের সঙ্গে ঈদ পালন করতে ঈদের আগেই ভারতে পৌঁছান জয়। আওয়ামী লীগ একজন রাজনৈতিক ঘনিষ্ঠ বলেন, ‘শেখ হাসিনার ভারতে আসার পর থেকে জয়ই প্রথম ব্যক্তি যিনি তাকে সরাসরি দেখতে এলেন। ঈদই ছিল সফরের মূল উদ্দেশ্য।’

জয়ের সফরসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এখন পর্যন্ত তার কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়ারও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতের কর্মকর্তারা এখনো জয়ের এই সফর নিয়ে কোনো মন্তব্য করেননি। মার্কিন নাগরিক হিসেবে পরিচিত জয়কে নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি নয়াদিল্লি।

অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের প্রতি প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে।

সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে। আগামী ১৬ জুন তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত