ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশইন ইস্যু বাংলাদেশ জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শনিবার (৯ মে) জাপান সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয়, সেটা আমরা করব। ইসলাম ধর্মকে সেখানে আলাদা করে দেখা হবে কেন? তাদের দেশের সংবিধান তো ধর্মনিরপেক্ষ। সেই দেশের সব ধর্মের মানুষেরই ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের পূর্ণ এখতিয়ার আছে।
ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারও ক্ষতি করা না হয়।
ভারত থেকে ‘পুশইন’-এর বিষয়ে তিনি বলেন, বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যদি সেরকম কোনো বিষয় আমাদের সামনে আসে, তাহলে আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকব না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে—এটাও আমরা চাই না।
জাপান সফর নিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে ঘিরে জাপানের ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা রয়েছে। তবে বিনিয়োগ ও কাজের পরিবেশ নিয়ে তাদের মধ্যে কিছু উদ্বেগও আছে।
তিনি বলেন, তারা নিরাপদে, স্বচ্ছভাবে কাজ করতে পারবে কি না এই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের।
সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। আর আমরা যারা সরকারের বাইরে আছি, তাদের দায়িত্ব হচ্ছে ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা এবং ভুল করলে প্রতিবাদ জানিয়ে সংশোধনের আহ্বান জানানো।