প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
ভুঁয়া সাংবাদিক সেজে মাইক্রোবাস যোগে পাচারকালে ইয়াবাসহ আটক ১
টেকনাফ প্রতিনিধি,
কক্সবাজারের টেকনাফে ‘সাংবাদিক পরিচয়ে’ মাইক্রোবাস যোগে পাচারকালে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার বিকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
আটক মোহাম্মদ আনোয়ার (৫৬) টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ার মুহাম্মদ নুর এর ছেলে।
লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, বিকালে টেকনাফে বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা সন্দেহজনক যানবাহন তল্লাশী কার্যক্রম চালাচ্ছিল। এক পর্যায়ে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস সেখানে পৌঁছালে তল্লাশী চালানোর চেষ্টা করা হয়। এসময় চালকের আসনে ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে জোরপূবর্ক গাড়ী চালিয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়।
“ পরে আটক ব্যক্তির শরীর তল্লাশী করে দেশ সকাল নামের একটি পত্রিকার ও একটি মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র পাওয়া যায়। জব্দ করা গাড়ীটি তল্লাশী করে পিছনের সিটে কাভারের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় ১৬ হাজার ইয়াবা। “
তবে আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা পরিচয়পত্র দুইটি সঠিক কিনা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত