প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
মক্কায় যাওয়া হলো না, ঢাকাতেই হজযাত্রী বাচ্চু মিয়ার মৃত্যু
চিটাগং ট্রিবিউন ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামের বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা হজ অফিসে জানিয়েছে, স্ত্রীসহ হজ পালনের জন্য গত রাত আনুমানিক আড়াইটার দিকে অন্য সহযাত্রীদের সঙ্গে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান।
এরপর সেখানে দায়িত্বরত চিকিৎসক বাচ্চুর অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হজযাত্রীর লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পাঠানো হয়েছে। এ লাশবাহী গাড়িতে মৃতের স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।
হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্য মতে, বাচ্চু মিয়া গাড়িতে হজ ক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করায় মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত