প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
মায়ের জানাযায় প্যারোলে মুক্তি, দুই দিন না যেতেই বাবাকেও হারালেন আ.লীগ সমর্থক দুই ভাই
সাইদুর রহমান শিমুল
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে টানা দুই মৃত্যুর ঘটনায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারাগারে থাকা আপন দুই ভাই ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮) মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তবে সেই ঘটনার দুই দিনের মাথায় মারা গেলেন তাঁদের বাবা নুর আহমদ (৯০)।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকালে ইন্তেকাল করেন মোস্তফা বেগম (৮০)। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দুই ভাই। বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় বাড়িতে পৌঁছে মায়ের মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানান তারা।
জানাজার সময় দুই ভাইকে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। খাটিয়া কাঁধে নিয়ে মাকে দাফনের জন্য নিয়ে যান তারা। নির্ধারিত সময় শেষে আবারও তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এ ঘটনার দুই দিনের ব্যবধানে সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যান তাঁদের বাবা নুর আহমদ। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই স্থানে শনিবার তাঁদের মায়ের জানাজা সম্পন্ন হয়েছিল।
জানা গেছে, ফরিদুল ও ইসমাইল দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁদের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় প্রায় আড়াই মাস ধরে তারা কক্সবাজার কারাগারে রয়েছেন।
স্বজনদের দাবি, একটি মামলায় জামিন পাওয়ার পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। প্রথমে খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় আটক করা হয়। পরে দক্ষিণ মিঠাছড়ির আরেকটি মামলা এবং সর্বশেষ রামুর বিএনপি নেতা মাহিন চৌধুরীর দায়ের করা মামলায় তাদের আবারও গ্রেপ্তার দেখানো হয় বলে অভিযোগ পরিবারের।
ইসমাইলের স্ত্রী কুলছুমা বেগম বলেন, “আমার স্বামী নির্দোষ। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। মা-বাবা দুজনই মারা গেলেন, কিন্তু সন্তান হিসেবে শেষ সেবাটুকুও করতে পারলেন না।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত