চিটাগং ট্রিবিউন ডেস্ক
গৃহযুদ্ধ ও গভীর মানবিক সংকটে জর্জরিত মিয়ানমারে সেনা-পরিচালিত নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। রবিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে দেশটির বিভিন্ন অঞ্চলের ১০০টি টাউনশিপে ভোট দিতে শুরু করেছেন ভোটাররা।
ভোটগ্রহণ হওয়া এলাকাগুলোর মধ্যে সাগাইং, মাগওয়ে, মান্দালয়, বাগো ও তানিনথারিই অঞ্চলের অংশ রয়েছে। পাশাপাশি মোন, শান, কাচিন, কায়াহ ও কায়িন রাজ্যেও ভোট নেওয়া হচ্ছে।
তবে এসব এলাকার অনেকগুলোতেই সাম্প্রতিক সময়ে সশস্ত্র সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও এখনো উত্তেজনা বিরাজ করছে। এ কারণে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মায়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় যায়। সে সময় নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চিকে আটক করার পর থেকেই দেশটিতে সংঘাত শুরু হয়। ৫ কোটি ১০ লাখ মানুষের দরিদ্র দেশটির বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সহিংসতা ও অস্থিরতা এখনো থামেনি।
অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ জান্তাবিরোধী বহু রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়েছে। সর্বশেষ নির্বাচনের জন্য নিবন্ধন না করায় এসব দলকে বিলুপ্ত ঘোষণা করেছে সামরিক সরকার। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোও এই নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
জাতিসংঘ, বহু পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে, কার্যকর কোনো বিরোধী শক্তির অনুপস্থিতিতে এই নির্বাচন কোনোভাবেই স্বাধীন, সুষ্ঠু বা বিশ্বাসযোগ্য নয়। তাদের ভাষায়, এটি একটি সাজানো নির্বাচন। জান্তা সরকার এটি তাদের ক্ষমতার বৈধতা প্রদানের উপায় হিসেবে ব্যবহার করবে।
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণে ভোটার উপস্থিতি কম ছিল। তৃতীয় দফার ভোট হবে আগামী ২৫ জানুয়ারি।