প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ৬:৩৪ পি.এম
মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক
চিটাগং ট্রিবিউন ডেস্ক
বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ করেছে নৌবাহিনী। এসময় ২১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) নৌবাহিনী জানায়, শুক্রবার সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ১৩ মাইল দূরে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী এফবি ফাতেমা হোসনা ও এফবি নিঝু রাব্বি নামের দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে এফবি ফাতেমা হোসনা থেকে ১০ জন পাচারকারীর সঙ্গে ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং এফবি নিঝু রাব্বি থেকে ১১ জন পাচারকারীর সঙ্গে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ২১ জনকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের, জব্দ করা বোট ও সিমেন্টের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত