প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
মেরিন ড্রাইভে আবারও প্রাণ ঝরল মোটরসাইকেল আরোহী পর্যটকের
নিজস্ব প্রতিবেদকঃ
বন্ধুদের সঙ্গে নিয়ে কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভের উখিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত এবং একজন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান।
নিহত মোহাম্মদ আজাদ (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় আইসিটি প্রশিক্ষক। চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় তিনি কোচিং সেন্টার পরিচালনার সাথে জড়িত রয়েছেন।
স্থানীয়দের বরাতে মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে চারটি মোটর সাইকেল যোগে মোহাম্মদ আজাদ সহ আট বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। দুপুরে তার মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে তারা উখিয়ার ছেপটখালী এলাকায় পৌঁছালে আজাদ সহ থাকা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
মুজিবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত