প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ৫:২৭ পি.এম
মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া হবে দারুণ ব্যাপার: রোনালদো
চিটাগং ট্রিবিউন ডেস্ক
প্রায় দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারেও জাতীয় দলের জার্সিতে বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হওয়া হয়নি লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। ফলে ফুটবলপ্রেমীরা কখনও দেখেননি আর্জেন্টিনা ও পর্তুগালের হয়ে এই দুই মহাতারকার সরাসরি লড়াই। তবে চলমান বিশ্বকাপে সেই বহু প্রতীক্ষিত দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছে।
টুর্নামেন্টের বিভিন্ন সমীকরণ মিলে গেলে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পর্তুগাল। এমন সম্ভাবনাকে ইতিবাচকভাবেই দেখছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।
মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ‘কে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে পর্তুগাল। দুই দলই যদি নিজ নিজ গ্রুপে শীর্ষে থেকে নকআউট পর্বে ওঠে এবং পরবর্তী দুই রাউন্ড সফলভাবে পেরিয়ে যায়, তাহলে শেষ আটে দেখা হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগালের।
উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর সংবাদ সম্মেলনে সম্ভাব্য সেই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে সেটি নিঃসন্দেহে বিশেষ কিছু হবে।
রোনালদো বলেন, “এই প্রশ্নের সঠিক উত্তর আমার জানা নেই। তবে মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলা অবশ্যই দারুণ একটি ব্যাপার হবে।”
তবে সম্ভাব্য কোয়ার্টার-ফাইনালের চেয়ে বর্তমান লক্ষ্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই পর্তুগিজ তারকা। তাঁর ভাষায়, “আজকের ম্যাচে জয় পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সামনে যা আসবে, তার জন্য আমরা প্রস্তুত। আমাদের প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া এবং আমরা সেটা সফলভাবেই করতে পেরেছি।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত